আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত ভারতীয় বোর্ডের নির্দেশে কেকেআরকে স্কোয়াড থেকে মোস্তাফিজকে আজ বাদ দিতে হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল।
সম্প্রতি নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে দরকষাকষি করে কেকেআর মোস্তাফিজকে নিতে পেরেছিল। কিন্তু নিলামের পরই পরিস্থিতি পাল্টে যায়। ভারতের কয়েকটি রাজনৈতিক গোষ্ঠী ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আপত্তি ও হুমকির খবর সামনে আসে। এরই প্রেক্ষাপটে বিসিসিআই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।
‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল বলেছেন, “বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও নয়। প্রশ্ন হলো, খেলাধুলার মধ্যে এত রাজনীতি কেন ঢুকছে? আমি বুঝতে পারছি না ক্রিকেট কোন পথে এগোচ্ছে।”
বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে মদন লাল মনে করেন, মোস্তাফিজ ইস্যুর পেছনে বড় ধরনের চাপ কাজ করেছে। তাঁর ভাষায়, “নিশ্চয়ই উপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হবে? এখানে শাহরুখ খানের দায় কোথায়? নিলামে তো কমিটি বসেই খেলোয়াড় নির্বাচন করে।”
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশের মানুষের আবেগকেও পুরোপুরি উপেক্ষা করা যায় না। মদন লাল বলেন, “মানুষের আবেগ বড় বিষয়। কোটি কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে বলেই এসব প্রতিক্রিয়া আসে। শেষ পর্যন্ত দেশই সবার আগে—সে জায়গা থেকে এমন কঠিন সিদ্ধান্ত ভুল নাও হতে পারে।”