বাংলাদেশ ফুটবল লিগে নতুন বছরের শুরুটা সুখকর হয়নি বসুন্ধরা কিংসের জন্য। আগের বছর শেষ হয়েছিল ঢাকা আবাহনীর সঙ্গে হতাশাজনক ড্র দিয়ে, আর বছরের প্রথম ম্যাচেই তারা হাতছাড়া করল নিশ্চিত জয়ের সুযোগ। পয়েন্ট টেবিলের নিচের সারিতে থাকা ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে তিন গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করতে হয় কিংসদের। বিপরীতে, নতুন বছরে দারুণ সূচনা পেয়েছে আবাহনী ও ফর্টিস এফসি। পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্টে সমতা এনেছে ফর্টিস।
নতুন বছরে শুধু রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিই জয় পায়নি। পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে পুরান ঢাকার ক্লাবটিকে।
নবম রাউন্ড অর্থাৎ লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিস—দুই দলেরই পয়েন্ট ১৮। দুদলেরই পাচটি জয়, তিনটি ড্র ও একটি করে হার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে মারিও গোমেজের শিষ্যরা। ফর্টিস আছে দুই নম্বরে। ১৫ পয়েন্ট নিয়ে তিনে রহমতগঞ্জ। পুলিশ ও আবাহনী যথাক্রমে ১৪ ও ১৩ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান রয়েছে ছয় নম্বরে, তাদের সংগ্রহ ১০ পয়েন্ট।
শনিবার মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ম্যাচের শুরুতে দাপট দেখায় কিংসরা। ২৩ মিনিটে সাদউদ্দিনের গোলে লিড নেওয়ার পর দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো ২৫ ও ২৯ মিনিটে পরপর দুই গোল করেন। এই জোড়া গোলে লিগে তার মোট গোল দাঁড়ায় ১০, যা তাকে শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।
তবে শেষ দিকে ঘুরে দাঁড়ায় ফকিরেরপুল। ৭৬ মিনিটে জাহিদ হোসেন ব্যবধান কমান। ৮৪ মিনিটে ইরফান হোসেন গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। যোগ করা সময়ে বেন ইবরাহীম গোল করে ফকিরেরপুলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন।
অন্যদিকে, কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘকে কোনো সুযোগ দেয়নি আবাহনী। টানা দুই ড্রয়ের পর মারুফুল হকের দল নতুন বছর শুরু করেছে ৩-০ গোলের জয়ে। নবম মিনিটে সুলেমানে দিয়াবাতে প্রথম গোল করেন, ৪০ মিনিটে ব্রুনো মাতোস ব্যবধান বাড়ান। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন দিয়াবাতে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসি ২-০ গোলে হারায় পিডব্লিউডিকে। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু গোল করেন, আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর গোল করেন।
দিনের আরেক ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সঙ্গে ১-১ ড্র করে রহমতগঞ্জ। ১৬ মিনিটে স্পট কিক থেকে সলোমন কিং রহমতগঞ্জকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ দিকে পাউলো হেনরিক পুলিশকে সমতায় ফেরান। ম্যাচের ১৭ মিনিটেই আমিরুল ইসলামের লাল কার্ডে ১০ জনে নেমে যাওয়া পুলিশের জন্য এই ড্রটিকে স্বস্তির বলেই ধরা হচ্ছে।