দীর্ঘ পাঁচ বছরের খরা কাটিয়ে দেশের শীর্ষ ফুটবল লিগে আবারো গোলের দেখা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে তার চমৎকার দূরপাল্লার শটটি শেষ পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নকে জয়ের মুখ দেখাতে পারেনি।
শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগের রোমাঞ্চকর ম্যাচটিতে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাথে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ব্রাদার্স ইউনিয়ন।
ম্যাচের শুরুতেই চমক দেখান ৩৬ বছর বয়সী অভিজ্ঞ এই মিডফিল্ডার। ৯ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে নেওয়া এক জোরালো শটে ব্রাদার্সকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন জামাল। এটি দেশের শীর্ষ লিগে তার পঞ্চম গোল। এর আগে ২০২১ সালের লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে সর্বশেষ গোল করেছিলেন জামাল।
জামালের গোলের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ব্রাদার্সের জন্য। এর ঠিক ১০ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে রহমতগঞ্জকে সমতায় ফেরান অভিষেক লিম্বু। অবশ্য প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক মুহূর্তে সৈয়দ রেজার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স।
বিরতির পর ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ। ম্যাচের ৫৮ মিনিটে সাজ্জাদ হোসেন চমৎকার এক গোল করে খেলায় আবারও সমতা আনেন। এরপর দুই দলই আক্রমণের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এই ড্রয়ের পর ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে রহমতগঞ্জ, আর ২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ব্রাদার্স ইউনিয়ন।
চট্টগ্রাম সিটিকে হারিয়ে আবাহনীর জয়
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। দলের পক্ষে তিনটি গোল করেন মাইকেল বাবাতুন্দে, অ্যান্থনি ওকাচি এবং মোহাম্মদ আল আমিন। অন্যদিকে চট্টগ্রাম সিটির হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন রাফায়েল ওডোইন। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ধানমন্ডির ক্লাবটি।
আরামবাগের সাথে পয়েন্ট হারালো পুলিশ
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচে ৩০ মিনিটে রব্বি হোসেন রাহুলের গোলে লিড নিয়েছিল পুলিশ। কিন্তু বিরতির ঠিক আগমুহূর্তে সমর জয় তঞ্চঙ্গ্যা গোল করে আরামবাগকে সমতায় ফেরান। পয়েন্ট হারালেও চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পুলিশ ফুটবল ক্লাব।