সুনামগঞ্জের ৫ আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মনোনয়ন যাচাই—বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল করেন।

এদিন বেলা ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলনে কক্ষে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় ৫টি নির্বাচনী আসনের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন সুনামগঞ্জ—১ আসনে বাংলাদেশ নেজামে ইসলামের মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমান। সুনামগঞ্জ—২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব। সুনামগঞ্জ—৩ আসনে এবি পার্টির সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মো. মাহফুজুর রহমান খালেদ, হোসাইন আহমেদ। সুনামগঞ্জ—৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম, এলডিপির মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার)। সুনামগঞ্জ—৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলী তালুকদার, জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আপিলের সুযোগ রয়েছে।