চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৮ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৮৪৯টি সিটের বিপরীতে অংশ নিয়েছেন ৪৭ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ৮ শতাংশ। 

শনিবার (৩ জানুয়ারি) বিকালে তথ্যটি নিশ্চিত করেন চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। 

ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। সকাল ১১:১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়। ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্র, নতুন কলা অনুষদ কেন্দ্র ও আইন অনুষদ কেন্দ্র পরিদর্শন করেন চবি উপাচার্য, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯১.৯৯ শতাংশ এবং অনুপস্থিতির হার ৮ শতাংশের। শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে তিনটি বিভাগীয় শহরে একযোগে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ডি ইউনিটে সর্বমোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫১ হাজার ৫০৫ জন। তিন কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন সর্বমোট ৪৭ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ২২২ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী। উপস্থিতির হার ছিল ৯৩.৫৫ শতাংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ২১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। যেখানে অনুপস্থিত ছিলেন ২ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী। এই কেন্দ্রে উপস্থিতির হার ৯০.১৮ শতাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ৭ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। আবেদনের পরেও অংশ নেয়নি ৫২৬ জন পরীক্ষার্থী। এ কেন্দ্রে উপস্থিতির হার ৯৩.০৭ শতাংশ।

এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ টি ইউনিট ও ৩ টি উপ-ইউনিটে ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৩৩ হাজারও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা গত বছর ছিল ২লাখ ৭১ হাজার ২৩৯ জন।