চবি ছাত্রশিবিরের সভাপতি রনি, সেক্রেটারি খালেদ নির্বাচিত

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৬:২৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চাকসু ভিপি ইব্রাহিম রনিকে সংগঠনটির সভাপতি পদে বহাল রেখে নতুন সেক্রেটারি হিসেবে হাবিবউল্লাহ খালেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রশিবিরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার শাখা ছাত্রশিবিরের সদস্যদের অংশগ্রহণে একটি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও সেক্রেটারি পদে হাবিবউল্লাহ খালেদকে মনোনীত করা হয়। সংগঠনটির সভাপতি ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। নতুন সেক্রেটারি হাবিবউল্লাহ খালেদ ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী। 

ছাত্রসংগঠনটির সদস্য সমাবেশে সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। 

সমাবেশে ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য শাখার আংশিক কমিটি ঘোষণার অংশ হিসেবে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে ছাত্রশিবিরের সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন। একইসঙ্গে সেক্রেটারি পদে মনোনয়নের জন্য সদস্যদের মতামত আহ্বান করেন। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালেদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

নতুন সেক্রেটারি হাবিবউল্লাহ খালেদ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানে তিনি চট্টগ্রামে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে সাংগঠনিক দায়িত্ব আল্লাহর দেওয়া এক বিশেষ আমানত। সকলের দোয়া চাই যেন আল্লাহ অর্পিত এ দায়িত্ব সহজ করেন। আমরা সবাইকে নিয়ে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে একটি সুন্দর ক্যাম্পাস গড়তে চাই।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মধ্যে ক্যাম্পাসে যে সহবস্থানের রাজনীতি ফিরে এসেছে এটি আরও সুদৃঢ় করতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা এটিকে আরও সুদৃঢ় করার চেষ্টা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত