জামালপুর-১

বিএনপির কোষাধ্যক্ষ মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। এ নিয়ে তিনটি সংসদীয় আসনের ১২ জনের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে চার জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তিনটি সংসদীয় আসনে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।