রাইসের জোড়া গোলে দারুণ জয়ে বছর শুরু আর্সেনালের

নতুন বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে ডেকলান রাইসের দুর্দান্ত জোড়া গোলে পিছিয়ে পড়েও বোর্নমাউথকে ৩-২ ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মিকেল আর্তেতার দল।

শনিবার রাতে ম্যাচের শুরুতে বড় ভুলে বিপদ ডেকে আনে আর্সেনাল। নিজেদের বক্সের ভেতর চোখ বন্ধ করে ক্রস-পাস খেলতে গিয়ে বল প্রতিপক্ষের পায়ে তুলে দেন সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল। সেই সুযোগ কাজে লাগিয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভানিলসন। পরে অবশ্য মার্টিনেল্লির শট শট ব্লক হয়ে ফিরলে সেই গ্যাব্রিয়েলই ম্যাচে সমতা ফেরান। এতে প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফেরে আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেকলান রাইস। ৫৩তম মিনিটে ভিক্টর গিয়োকেরেস বল ধরে রেখে মার্টিন ওডেগার্ডকে বাড়িয়ে দেন, সেখান থেকে রাইস বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত শটে আর্সেনালকে লিড এনে দেন। এরপর বদলি হিসেবে মাঠে নামা বুকায়ো সাকার কাটব্যাক পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাইস। হাঁটুর চোট কাটিয়ে ফেরা ইংলিশ মিডফিল্ডারের এটি ছিল প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো এক ম্যাচে দুই গোল—২৯৬ ম্যাচের ক্যারিয়ারে একটি স্মরণীয় মুহূর্ত।

১৯ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি দূরপাল্লার দুর্দান্ত শটে বোর্নমাউথকে আবার ম্যাচে ফেরার আশা দেখান। তবে শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা। এই ম্যাচে বোর্নমাউথের হয়ে আলোচনায় থাকা আন্তোন সেমেনিও ছিলেন অনেকটাই নিষ্প্রভ। ধারণা করা হচ্ছে, ম্যানচেস্টার সিটিতে প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়ার আগে এটি হতে পারে বোর্নমাউথের জার্সিতে তার শেষ ম্যাচ।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। যদিও রবিবার চেলসির বিপক্ষে জয় পেলে ম্যানচেস্টার সিটি সেই ব্যবধান আবার চার পয়েন্টে নামিয়ে আনতে পারে। ম্যাচ শেষে কোচ মিকেল আর্তেতা বলেন, ‘এই পর্যায়ে দাপুটে ফুটবলের চেয়ে ফলটাই বেশি গুরুত্বপূর্ণ।’