মোস্তাফিজ ইস্যুতে আইসিসি ও ভারতীয় বোর্ডকে চিঠি দেবে বিসিবি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ এএম

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই ঘটনার প্রেক্ষিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বাস্তব কোনো সম্ভাবনা এখনই দেখছে না বোর্ড।

শনিবার রাতের এক জরুরি সভা শেষে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি বোর্ডকে মর্মাহত করেছে। বিশেষ করে বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার পরও একজন আন্তর্জাতিক ক্রিকেটার এভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া গ্রহণযোগ্য নয় বলে মনে করছে বোর্ড।

এর আগে বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে ২০২৬ আইপিএল মৌসুমের জন্য মুক্ত করে দেয়। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে দাবি ওঠে—ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া হোক। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও রাত সাড়ে ৯টায় বোর্ড সভায় বসে বিসিবি।

সভা শেষে ওই পরিচালক জানান, বিসিবি আইসিসি, বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ এবং বোর্ডের অপমানিত বোধ করার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হবে। তিনি বলেন, “আমরা ব্যাখ্যা চাইব—কেন সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও একজন খেলোয়াড়কে খেলতে দেওয়া হলো না।”

যোগাযোগের বিষয়ে তিনি আরও জানান, এটি একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই করা হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হবে। এরপর তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবে বিসিবি।

ভেন্যু পরিবর্তনের দাবিকে বাস্তবসম্মত নয় উল্লেখ করে ওই পরিচালক বলেন, “বর্তমানে আমাদের হাতে ভেন্যু পরিবর্তনের মতো কোনো বিকল্প নেই। তবে আমরা আগে আইসিসির কাছ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানতে চাইব।”

মোস্তাফিজুর রহমানের ঘটনায় নিরাপত্তা প্রশ্নে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলেও মনে করছে বিসিবি। তার মতে, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা হলে সেখানে সাংবাদিক, সমর্থক ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। এই বিষয়টি আইসিসির নজরে গুরুত্বের সঙ্গে আনা হবে।

ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা লিটন দাসদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত