অভিনয়ে প্রশংসা কুড়াচ্ছেন হৃদয় খান

পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন বছরের শুরুতেই অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এক সময়ে শ্রোতাদের মনে ঝড় তোলা সংগীতশিল্পী হৃদয় খান। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার। চলচ্চিত্রটি পরিচালনাও করেন তিনি। ইউটিউবে ‘ট্র্যাপড’ প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। 

হৃদয়ের অভিনয় দেখে একজন লিখেছেন, ‘হৃদয় খানের কাছ থেকে চমৎকার একটি কাজ পেলাম, দারুণ লেগেছে!’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘ব্রো, মাইন্ড ব্লোয়িং!’। আবার অনেকের মতে হৃদয়ের এই ভিন্ন অবতার ছিল একদম সাবলীল। এক অনুরাগী লিখেছেন, ‘সাধারণ হয়েছে ব্রো। আপনার থেকে আরও একটি নতুন শর্ট ফিল্ম দেখতে চাই।’ 

৩০ মিনিটের এই থ্রিলারে নিউ ইয়র্কের অন্ধকার জগত বা আন্ডারওয়ার্ল্ডের গল্প যেভাবে ফুটে উঠেছে, তাতে মুগ্ধ দর্শক। এর সাউন্ড ডিজাইন এবং সিনেমাটোগ্রাফির প্রশংসা করে একজন লিখেছেন, ‘সাইলেন্ট দিয়ে শুরু, ভয়েস দিয়ে স্টার্ট... জাস্ট ওয়াও! ফিল্মি ভাইব তো সেই!’ অন্য এক দর্শক মন্তব্য করেছেন, ‘ভিন্নধারার গল্প বলা, ফিল্মের ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ এবং সাউন্ড ডিজাইন সত্যিই মুগ্ধ করেছে।’