ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এর জেরে বিশ্বকাপে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, তিনি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বিষয়টি তুলে ধরতে বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’কে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে ম্যাচ ভেন্যু পরিবর্তন করা কার্যত অসম্ভব। সূত্রটির বক্তব্য, ‘এভাবে ইচ্ছামতো ম্যাচ স্থানান্তর করা যায় না। এটি একটি বিশাল লজিস্টিক সমস্যা। প্রতিপক্ষ দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং, সম্প্রচার ব্যবস্থাপনা—সবই চূড়ান্ত হয়ে গেছে। প্রতিদিন তিনটি করে ম্যাচ রয়েছে। একটি ম্যাচ শ্রীলঙ্কায় সরালে পুরো সূচি ভেঙে পড়বে।’
বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ৪টি ম্যাচের তিনটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এর মধ্যে উইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারির ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেরবে বাংলাদেশ।
গত মাসে আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় শাহরুখ খান মালিকানাধীন কেকেআর। কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রসঙ্গত, রাজনৈতিক বাস্তবতার কারণে সমঝোতার ভিত্তিতে পাকিস্তান তাদের সব বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে।