সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামানের উদ্যোগে শহরের বরফকল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ, সমাজসেবক, ক্রীড়াঙ্গণের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমের মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মাসুদুজ্জামান বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এমন একজন নেতৃত্বের প্রতীক, যিনি স্বামী, সন্তান ও নিজের ব্যক্তিগত স্বাধীনতা হারানোর গভীর বেদনা বুকে ধারণ করেও কখনও স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও সীমাহীন বাধার মধ্যেও তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে আজীবন ছিলেন অবিচল।
তিনি বলেন, আজ শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে এবং তার আত্মার মাগফেরাত কামনা করছে। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই যেন দেশের গণতান্ত্রিক মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে পারি।
আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মাহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, মো. আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মাহাবুব উল্লাহ তপন, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি হিরণ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, আমলাপাড়া পঞ্চায়েত কামিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ সকল বিশিষ্ট নেতৃবৃন্দরা।
এ ছাড়া আজকের আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়। আয়োজকরা জানান, দেশনেত্রীর আদর্শ ও ত্যাগকে ধারণ করে ভবিষ্যতেও গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।