সুনামগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে।

জানা যায়,স্থানীয় অনলাইন গণমাধ্যম ‘ছাতক প্রতিদিন’-এ একটি ভিডিও চিত্র প্রকাশিত হয়। যেখানে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনকে ভোট চাইতে দেখা যায়। উক্ত ভিডিওটি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে আসলে তারা বিষয়টিকে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ হিসেবে গণ্য করেন। ভিডিওটি পর্যালোচনার পর গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. ইমরান হোসেন উক্ত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন।

নোটিশ অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে কলিম উদ্দিন আহমদ মিলনকে স্বশরীরে উপস্থিত হয়ে এই শোকজের সন্তোষজনক জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ২২ জানুয়ারি সময়ের পুর্বে বা নির্ধারিত পদ্ধতির বাইরে প্রচারণা চালানো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন হিসেবে গন্য করা হয়। এই শোকজের ওপর ভিত্তি করেই পরবর্তী বিচারিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে সুনামগঞ্জ -৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমার বাসায় দলীয় নেতা কর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত মতবিনিময় এর একটি ভিডিও অসাবধানতায় প্রকাশ হয়ে যায়। আমি ভোট চাইনি বা ঘরোয়া মিটিং এর ঐ ভিডিও প্রকাশের জন্য আমি বা আমরা কাউকে কোন অনুমতি দেইনি। তবে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো । আমি এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।