ভারতের রাশিয়ান তেল ক্রয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বাড়তি শুল্কের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ভারত রাশিয়ার তেল ক্রয় কমাতে ব্যর্থ হয়, তবে তারা ভারতীয় পণ্যে শুল্ক বাড়াতে পারে। রবিবার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'জানতেন আমি এ ব্যাপারে খুশি নই' এবং যদি সমস্যা চলতে থাকে, যুক্তরাষ্ট্র খুব দ্রুত শুল্ক বাড়াতে পারে।   
 
সম্প্রতি ভারতের রাশিয়ার তেল আমদানি কিছুটা কমার লক্ষণ দেখা গেছে। ভারতের তেল পরিশোধনকারী সংস্থাগুলোকে প্রতি সপ্তাহে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেলের ক্রয়ের তথ্য দিতে বলা হয়েছে। দিল্লির প্রত্যাশা, রাশিয়ার কাঁচা তেলের আমদানি দৈনিক এক মিলিয়ন ব্যারেলের নিচে নামতে পারে, যাতে তারা ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে পারে।

গত বছর ভারতের রাশিয়ার তেল ক্রয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছিল। তবুও, নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি  ব্যাপকভাবে বাড়ে, যা ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে এবং কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে মার্কিন দাবির প্রতি সীমিত নমনীয়তা দেখিয়েছে।   
 
দুই দেশের মধ্যে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। শুল্ক আরোপের পর থেকে মোদী ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন। পাশাপাশি, ভারতের কমার্স সচিব রাজেশ আগারওয়াল গত মাসে দিল্লিতে মার্কিন সহকারী ট্রেড প্রতিনিধি রিক সুইজার-এর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।