মোস্তাফিজের মতো মাশরাফীকেও বাদ দিতে পারে বিসিসিআই, শঙ্কা জুনায়েদের

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেটবিশ্বে বিতর্ক আরও জোরালো হয়েছে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার জুনায়েদ খান।

মোস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে জুনায়েদ মনে করছেন, আইপিএলের সঙ্গে মাশরাফি বিন মর্তুজার যে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে, সেটিও ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে। তাঁর মতে, যেভাবে মোস্তাফিজকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আইপিএলের লোগোর সঙ্গে জড়িয়ে থাকা মাশরাফীর নামও বেশি দিন টিকবে না।

আইপিএলে মাশরাফী মাত্র একটি ম্যাচ খেলেছেন—২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে তাঁর গুরুত্ব কেবল সেই ম্যাচে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরেই ক্রিকেট মহলে আলোচনা রয়েছে, আইপিএলের লোগোতে যে ব্যাটিং শটের অবয়ব দেখা যায়, তা নাকি মাশরাফী বিন মোর্ত্তজার একটি শট থেকে অনুপ্রাণিত।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন জুনায়েদ খান। সেখানে সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াকে বলতে শোনা যায়, আইপিএলের লোগোটি অনেকেই এবি ডি ভিলিয়ার্সের শট ভেবে থাকলেও, বাস্তবে সেটি মাশরাফী বিন মোর্ত্তজার ব্যাটিং শট অনুসরণ করেই তৈরি।

এই ভিডিও শেয়ার করে জুনায়েদ মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে মোস্তাফিজকে আইপিএল থেকে ছেঁটে ফেলেছে, তাতে তাঁর ধারণা—একসময় এই লোগোটিও বদলে ফেলা হতে পারে, যেটি মাশরাফির শট থেকে অনুপ্রাণিত।

উল্লেখ্য, আইপিএল নিলামের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। গত ১৬ ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি। অনেকের মতে, বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে এই সিদ্ধান্তে।

মজার বিষয় হলো, যে কলকাতা ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজকে বাদ দিয়েছে, সেই দলের হয়েই একসময় খেলেছিলেন মাশরাফী। এবং তখন বেশ উচ্চ মূল্যেই মাশরাফীকে দলে নিয়েছিল কেকেআর।

মোস্তাফিজ ইস্যুর পর থেকে কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ক্ষোভও স্পষ্ট। তাদের ফেসবুক পেজে একের পর এক ‘অ্যাংরি রিঅ্যাকশন’ ও নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে।

আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএলের ১৯তম আসর। একই দিনে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের ১১তম আসরও। মোস্তাফিজ ইস্যুতে এই উত্তেজনা আইপিএল শুরুর আগেই নতুন করে আলোচনার জন্ম দিল।