জাপানে ঐতিহ্যবাহী নিলামে রেকর্ড দামে বিক্রি হলো টুনা মাছ

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত বার্ষিক ঐতিহ্যবাহী মাছের নিলামে এবার ইতিহাস সৃষ্টি হয়েছে। একটি বিশাল আকৃতির প্যাসিফিক ব্লুফিন টুনা মাছ নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩২ লাখ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ কোটি টাকারও বেশি।

নিলামে মাছটি কিনেছেন জাপানের জনপ্রিয় সুশি রেস্টুরেন্ট চেইন সুশি জানমাই-এর মালিক ও পরিচিত টুনা ব্যবসায়ী কিয়োশি কিমুরা। মাছটির ওজন ছিল ২৪৩ কেজি। এটি ধরা পড়ে জাপানের উত্তরাঞ্চলের ওমা উপকূলে, যে অঞ্চল উন্নতমানের টুনার জন্য বিখ্যাত।

সূর্য ওঠার আগেই টোকিওর প্রধান মাছের বাজারে বিশেষ ঘণ্টা বাজিয়ে নিলাম শুরু হয়। প্রথা অনুযায়ী আয়োজন করা এই নিলামে শুরুতেই মাছটির দাম দ্রুত বাড়তে থাকে। কিমুরা পরে জানান, তিনি আশা করেছিলেন তুলনামূলক কম দামে মাছটি কিনতে পারবেন, তবে প্রতিযোগিতার কারণে দাম অনেক বেড়ে যায়।

গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে কিমুরা বলেন, এই দামে মাছটি কিনতে হলেও তিনি সন্তুষ্ট। তার আশা, এই মর্যাদাপূর্ণ টুনা খেয়ে মানুষ নতুন উদ্যম ও শক্তি অনুভব করবে। তিনি আরও জানান, সুন্দর ও মানসম্মত টুনা দেখলে নিজেকে সংযত রাখা তার পক্ষে কঠিন।

নিলামসংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হয় ১৯৯৯ সাল থেকে। সে হিসেবে এবারই টুনা মাছ বিক্রির মাধ্যমে সর্বোচ্চ মূল্য অর্জনের রেকর্ড গড়লো এই নিলাম। জাপানি মুদ্রায় মাছটির দাম দাঁড়িয়েছে প্রায় ৫১ কোটি ইয়েনের বেশি। এর আগে ২০১৯ সালে ২৭৮ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা প্রায় ৩৩ কোটি ইয়েনে বিক্রি হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন কিমুরা।

উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত এই নিলাম টোকিওর সুকিজি বাজারে অনুষ্ঠিত হতো। পরবর্তীতে এটি আধুনিক সুবিধা সম্পন্ন নতুন স্থানে স্থানান্তর করা হয়। করোনাভাইরাস মহামারির সময় রেস্টুরেন্ট ব্যবসা সীমিত হয়ে পড়ায় টুনার দাম অনেক কমে গিয়েছিল। তবে চলতি বছর নিলামে সেই মন্দাভাব কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠেছে বাজার।