জয়পুরহাট চেম্বার অব কমার্সের নতুন পর্ষদের দায়িত্ব হস্তান্তর

ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুন প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদ।

দ্বি-বার্ষিক মেয়াদ উপলক্ষে সাবেক সভাপতি আব্দুল হাকিম মণ্ডল আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক আনুসহ কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যদের কাছে হস্তান্তর করেন। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডে অবস্থিত স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমেন ফকির, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবুসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জয়পুরহাটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পায়ন এবং উদ্যোক্তাদের সহযোগিতায় চেম্বার অব কমার্সকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন কমিটির নেতৃত্বে জেলার অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।