'বাংলাদেশ পাকিস্তান নয়, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়াটা জঘণ্য সিদ্ধান্ত'

আইপিএলের আসন্ন আসর থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বিসিসিআই-এর নির্দেশকে ‘অত্যন্ত হতাশাজনক’ ও ‘বোকামিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, খেলাধুলাকে রাজনৈতিক টানাপোড়েনের বলি বানানো ঠিক হচ্ছে না।

মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি বিসিসিআই-এর একটি অপ্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ বলেন সমালোচনা করেন শশী থারুর। তার যুক্তি, বিসিসিআই নিজেই যখন মোস্তাফিজকে (আইপিএল নিলামে) নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় রেখেছে, তখন কেকেআর তাকে দলে নিলে কেন আপত্তি উঠবে? এটি ক্রিকেটের যুক্তিতে একেবারেই খাটে না।

থারুর প্রশ্ন তোলেন, কেন বারবার শুধু ক্রিকেটকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষোভের মাশুল দিতে হয়? তিনি বলেন, "মোস্তাফিজ কখনোই ভারত বা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক কথা বলেননি। তিনি স্রেফ একজন ক্রীড়াবিদ। আমরা এখানে কাকে ভিকটিম বানাচ্ছি?" তিনি বলেন, 'যদি আমরা সিদ্ধান্ত নিই যে কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলার যোগ্য নন, তবে লিটন দাস বা সৌম্য সরকারের মতো কোনো বাংলাদেশি হিন্দু ক্রিকেটারকে যদি এ বছর কেনা হতো, তবে তাদেরও কি বের করে দেওয়া হতো? যদি না দেওয়া হতো, তবে আমরা কী ইঙ্গিত দিচ্ছি? আমরা কি এতটাই অসহিষ্ণু যে আমরা শুধু মুসলিম বাংলাদেশিদের বিরুদ্ধে আর হিন্দু বাংলাদেশিদের বিরুদ্ধে নই'

বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করার তীব্র প্রতিবাদ জানান থারুর। তিনি বলেন, "বাংলাদেশ পাকিস্তান নয়। তারা সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী পাঠায় না। দুই দেশের সাথে ভারতের সম্পর্কের ধরন এবং কূটনৈতিক পর্যায় সম্পূর্ণ আলাদা। তাই পাকিস্তানের মতো বাংলাদেশের খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।''

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার কয়েকটি ঘটনায় ভারতের কূটনৈতিক পদক্ষেপের কথা উল্লেখ করে থারুর বলেন, ভারত সরকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। কিন্তু এই অবস্থায় ঢালাওভাবে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করা ভুল বার্তা দেবে। আগামী মাসে  টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারত সফরের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এই হঠকারী সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের সূচিও হুমকিতে পড়তে পারে।

শশী থারুরের এই বক্তব্য প্রকাশের আগেই মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ সরকারের পরামর্শে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।  ভিন্ন দেশে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আবেদন জানিয়েছে আইসিসিকে।