সখীপুর

বিএনপির জন্য ভোট চেয়ে কাদের সিদ্দিকীর দল ছাড়লেন সজিব

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোট চেয়ে কাদের সিদ্দিকীর দল ছড়লেন কৃষক-শ্রমিক জনতা লীগের সখীপুর শাখার সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব।

সোমবার (৫ জানুয়ারি) রাতে সানোয়ার হোসেন সজিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে অব্যাহতিপত্রের ছবি পোস্ট করেন। এসময় পত্রে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যা দেখিয়ে দলের কাছে অব্যাহতির আবেদন করেন।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যে সানোয়ার হোসেন সজিব বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের পক্ষে ভোট চাচ্ছেন। বিষয়টি নিয়ে সখীপুরে নানা গুঞ্জন শুরু হয়।

বিতর্কিত বিষয়ে সানোয়ার হোসেন সজিব জানান, নির্বাচনমুখী দল না হলে আসলে আমাদের মতো নেতাদের চলা মুশকিল। কথা ছিল কৃষক-শ্রমিক জনতা লীগ এবার নির্বাচনে আসবে। কিন্তু আসেনি। তাই এ দল থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে দলের সবার কাছ থেকে বিদায়ও নিয়েছি।

তবে আপাতত বিএনপিতে যোগদানের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।