ববি শিক্ষার্থীর আত্মহত্যা

মানববন্ধনে দাঁড়িয়ে সুষ্ঠু বিচার চাইলেন উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীকে আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলম তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও নিহতের সহপাঠীরা অংশ নেয়।

উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলম বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ ফাইনাল পরীক্ষা শেষ করে ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যে তার ফলাফল প্রকাশ হবে। সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। কিন্তু তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। আমরা চাই এই আত্মহত্যার পেছনের কারণ তদন্তের মাধ্যমে বের করে এর একটি সুষ্ঠু বিচার হউক।

বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশকে ওই মেয়ের বাসার লোক আগে থেকেই ম্যানেজ করে ফেলেছে। আমরা বুঝতে পারছি এটা একটি পরিকল্পিত হত্যা। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি এবং যারা প্ররোচনা দিয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভ বৈরাগী একটি আবেগঘন পোস্ট দেন। এরপর গত ৩ জানুয়ারি পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।