নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে ৮টি বিভাগে ও দুই ইনস্টিটিউটে তাদের নিয়োগ দেওয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিয়মতান্ত্রীক পরীক্ষার পদ্ধতি অনুসরণের মাধ্যমে গত বছর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২১ শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগে একজন করে সহকারী অধ্যাপক ও প্রভাষক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুই প্রভাষক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে দুই প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। রসায়ন বিভাগে একজন করে সহযোগী, সহকারি অধ্যাপক ও দুই প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগে এক প্রভাষক, পরিসংখ্যান বিভাগে দুই প্রভাষক, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে একজন করে সহকারী অধ্যাপক ও প্রভাষক, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সে দুই প্রভাষক এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে একজন প্রভাষক নিয়োগ পেয়েছেন।
এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিশ্বের সর্বোচ্চ মানের পদ্ধতিতে একাডেমিক এক্সিলেন্স, লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও ভাইভা অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবি এই পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে।
এসময় ইউজিসির প্রতি অনুরোধ জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষক সংকট থাকা বিভাগগুলোর তালিকা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আরও শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীরা একটি উন্নত একাডেমিক পরিবেশ পাবে।
