কারিনার সঙ্গে তুলনা : যা বললেন  'ধুরন্ধর' নায়িকা 

বলিউডে বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছেন অভিনেত্রী ক্রিস্টাল ডি'সুজা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর' ছবিতে তার দুর্দান্ত নাচের পারফরম্যান্স দর্শকের নজর কেড়েছে। বিশেষ করে 'শারারাত' গানে তার উপস্থিতি সমাজমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। তবে কেবল নাচের কারণেই নয়, ক্রিস্টাল এখন চর্চায় রয়েছেন অন্য একটি বিশেষ কারণে—'বলিউড ডিভা' কারিনা কাপুর খানের সঙ্গে তার চেহারার অদ্ভুত মিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক, অনেকেই ক্রিস্টালের মধ্যে কারিনা কাপুরের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ক্রিস্টাল নিজেই। 

মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি জানান, কারিনার মতো একজন 'আইকনিক' অভিনেত্রীর সঙ্গে তার তুলনা হওয়াটা তার কাছে স্বপ্নের মতো। তিনি বলেন, ‘কারিনা কাপুর খানকে আমি 'দিল মেরা মুফতে কা' গানে দেখে মুগ্ধ হয়েছিলাম। আজ যখন তার সঙ্গে আমার তুলনা করা হচ্ছে, তখন নিজেকে বিশ্বাস করানোই কঠিন হয়ে পড়ছে। প্রতিদিন আমার মনে হচ্ছে আমি যেন কোনও স্বপ্ন দেখছি।’ 

আবেগপ্রবণ হয়ে ক্রিস্টাল আরও জানান যে, এই তুলনা কেবল অনুরাগীরাই করছেন না, তার মা নাকি ছোটবেলা থেকেই এমন কথা বলে আসছেন। অভিনেত্রীর কথায়, ‘আমার মা সবসময় বলতেন যে আমাকে নাকি দেখতে কারিনা কাপুরের মতো লাগে। মা যখনই আমাকে পর্দায় দেখতেন, বলতেন যে আমার অঙ্গভঙ্গিতে করিনার ছোঁয়া আছে। তখন আমি হেসে উড়িয়ে দিতাম, নিজে কখনও তেমনটা অনুভব করিনি। কিন্তু আজ যখন গোটা বিশ্ব একই কথা বলছে, তখন মনে হচ্ছে মায়ের কথাই সত্যি হলো। মায়েদের ইচ্ছে সবসময়ই ফলে যায়।’