রাজস্থানের কোটা শহরে চুরির এক অদ্ভুত ও নাটকীয় ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চুরি করতে গিয়ে এক ব্যক্তি একটি বাড়ির রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে আটকে পড়েন এবং প্রায় এক ঘণ্টা ধরে অসহায় অবস্থায় ঝুলে থাকেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ৩ জানুয়ারি রাতে, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াতের বাড়িতে। রাওয়াত ওই সময় খাটুশ্যামজিতে ভ্রমণে ছিলেন। পরদিন রাত প্রায় ১টা নাগাদ তার স্ত্রী বাড়ি ফিরে মূল ফটক খুলতেই স্কুটারের হেডলাইটের আলোয় রান্নাঘরের দৃশ্য চোখে পড়ে। সেই দৃশ্য দেখে সবাই হতবাক—এক চোর রান্নাঘরের এক্সহস্ট ফ্যানের শ্যাফটে অর্ধেক ঢুকে, অর্ধেক বাইরে বেরিয়ে আটকে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিল। কিন্তু এক্সহস্ট ফ্যানের সরু শ্যাফট দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে সে মাঝপথে আটকে যায় এবং আর বেরোতে পারেনি। তার চিৎকার ও শব্দ শুনে সঙ্গে থাকা এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে ওই ব্যক্তি একাই আটকে পড়ে।
প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। জানা গেছে, অভিযুক্তরা একটি পুলিশ স্টিকার লাগানো গাড়িতে করে এসেছিল, যাতে সন্দেহ এড়ানো যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে এবং আটক করে। বর্তমানে পুলিশ পলাতক সহযোগীর সন্ধান চালাচ্ছে এবং ধৃত ব্যক্তি এলাকার অন্য কোনও চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।