পরিবার পরিকল্পনার অভাবে ৫৫ বছরের নারীর ১৭তম সন্তানের জন্ম

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম

ভারতের রাজস্থানের উদয়পুর জেলার ঝাড়োল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে এক অভাবনীয় ঘটনা ঘটেছে। সেখানে আদিবাসী সম্প্রদায়ের সদস্য ৫৫ বছর বয়সী রেখা গালবেলিয়া জন্ম দিয়েছেন তার সপ্তদশ (১৭তম) সন্তান। 

বিষয়টি জানাজানি হতেই স্থানীয় জনগণ থেকে শুরু করে নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এর আগে তিনি ১৬ সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে তাদের মধ্যে চার ছেলে ও এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। 

বর্তমানে জীবিত সন্তানদের মধ্যে পাঁচজনের ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং তাদেরও সন্তানসন্ততি রয়েছে। এই অবস্থায় রেখার আবারও নতুন সন্তান জন্ম দেওয়া তাদের পরিবারকে আরও সংকটে ফেলেছে।

রেখার মেয়ে শিলা জানিয়েছেন, মা এতজন সন্তান জন্ম দিয়েছেন জেনে অনেকে বিস্মিত হয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভীষণ খারাপ, প্রতিদিনই টিকে থাকার লড়াই চালাতে হয়। 

স্বামী কাভ্র কালবেলিয়াও হতাশা প্রকাশ করে বলেন, “আমাদের নিজস্ব ঘরবাড়ি নেই। সন্তানদের খাওয়ানোর জন্য মহাজনের কাছ থেকে বিশ শতাংশ সুদে ঋণ নিয়েছিলাম। অনেক টাকা পরিশোধ করার পরও দেনা শোধ হয়নি। 

এখন ময়লা কুড়িয়ে সংসার চালাই। খাওয়া, পড়াশোনা বা বিয়ের খরচ জোগাড় করার উপায় নেই।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি বাড়ি বরাদ্দ হয়েছিল, কিন্তু জমি তাদের নামে না থাকায় শেষ পর্যন্ত সেই বাড়ি পাওয়া যায়নি।

রেখার সন্তান প্রসব করান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. রোশন দারাঙ্গি। তিনি বলেন, প্রথমে পরিবারটি সত্য গোপন করে দাবি করেছিল যে এটি তাদের চতুর্থ সন্তান। পরে জানা যায়, এটি আসলে ১৭তম সন্তান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গালবেলিয়া পরিবারের অবস্থার খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। 

তবে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, এই ঘটনা ভারতের গ্রামীণ অঞ্চলে পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতার ঘাটতি ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত