কিউবার দিন ঘনিয়ে আসছে : মার্কিন সিনেটর

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর কিউবার 'দিন ঘনিয়ে আসছে' -এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম। রবিবার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফরের সময় সাংবাদিকদের গ্রাহাম বলেন, কিউবা একটি কমিউনিস্ট স্বৈরশাসন, যারা একসময় খ্রিস্টান ধর্মযাজকদের হত্যা করেছে এবং নিজেদের জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। তাঁর ভাষ্যমতে কিউবার দিন গণনা শুরু হয়ে গেছে। 
 
তিনি আরও বলেন, 'আমি আশা করি ২০২৬  সালে আমরা একদিন ঘুম থেকে উঠে দেখব-আমাদের আঙিনায় এমন দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র হয়েছে, যারা আমেরিকার সঙ্গে ব্যবসা করছে; মাদক-সন্ত্রাসী স্বৈরশাসকরা আর আমেরিকানদের হত্যা করছে না।'

এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। ট্রাম্প বলেন, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন করে সাময়িকভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র।

মাদুরো ও ফ্লোরেসকে শনিবার রাতেই নিউইয়র্কে আনা হয় এবং ব্রুকলিনের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচার এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার অভিযোগে ফেডারেল মামলা রয়েছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং কারাকাসের কর্তৃপক্ষ তাদের মুক্তির দাবি জানিয়েছে।

এদিকে কিউবা জানায়, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সময় তাদের বত্রিশ জন যোদ্ধা নিহত হয়েছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল এর নির্দেশে জানুয়ারি পাঁচ ও ছয় তারিখ জাতীয় শোক দিবস পালন করা হবে।