ফুলছড়িতে ইয়াবা সেবনের সময় যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার 

মাদক বিরোধী অভিযানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর গ্রামের রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০)। মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।  তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপরজন একই এলাকার মৃত দীনেশের ছেলে জ্যোতিষ (৩৫) এবং তাজুর ইসলামের ছেলে বারেক (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় মহির মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করলে, বিচারক তাদের কারাগারে পাঠায়। 

মহিউদ্দিনের দলীয় পরিচয় নিশ্চিত করেন উদাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম। তিনি বলেন 'ব্যক্তির অপরাধ দল বহন করবে না। ইতোমধ্যে উপজেলা যুবদলকে বিষয়টি অবগত করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে'।