কেরানীগঞ্জে জব্দ ৩শ কেজি জাটকা দুস্থদের মাঝে বিতরণ

ঢাকার কেরানীগঞ্জে মৎস্য আইন বাস্তবায়নে উপজেলা মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। জব্দ এসব জাটকা পরবর্তীতে এতিমখানা, মাদ্রাসা, বৃদ্ধাশ্রম ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার চুনকুটিয়া, হাসনাবাদ, জিনজিরা, আগানগর, আব্দুল্লাপুর ও হিজলতলা এলাকার খুচরা মাছের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি।

অভিযান চলাকালে বিভিন্ন বাজার থেকে আনুমানিক ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা আপনঘর বৃদ্ধাশ্রম, ৯টি এতিমখানা, মাদ্রাসা এবং বিভিন্ন দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচের ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্য সম্পদ সুরক্ষিত থাকবে।