এনইআইআর সিস্টেম বাতিলের দাবি 

নারায়ণগঞ্জে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম বাতিলের দাবি এবং মোবাইল ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মোবাইল ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘হাত ছিল খালি, বুকে ছিল দাবি, রাষ্ট্র দিল গুলি— এই কি ন্যায়নীতি?’, ‘আমরা সরকারের সিদ্ধান্তের বিরোধী নই, আমরা সমাধানের পক্ষে’, ‘নীতি-আদর্শ ঠিক রেখে একসাথে ব্যবসা করবো’ এবং ‘চোর-পুলিশ খেলা আর নয়— ২৫ হাজার ব্যবসায়ীর বৈধতা নিশ্চিত কর’।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. শরিফ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিব্রান, সদস্য সচিব মো. ইব্রাহিমসহ আসাদুজ্জামান লিমন, মো. আবিদ, মো. রানা, নাফিজ, হাসান, মো. রাসেল, আবু সাঈদ, পিয়াসসহ জেলার বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, ‘আমরা মূলত এক্সচেঞ্জ ভিত্তিক মোবাইল ব্যবসা করি। কেউ বিপদে পড়লে, পরিবারের সদস্য অসুস্থ হলে বা জরুরি অর্থের প্রয়োজন হলে মোবাইল বিক্রি করে তাৎক্ষণিক সমাধান পায়। এনইআইআর সিস্টেম চালু হলে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হবে।’

তারা আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই নতুন ও তরুণ উদ্যোক্তা। গত প্রায় চার মাস ধরে এনইআইআর সিস্টেমের কারণে আমাদের ব্যবসা কার্যত বন্ধ হয়ে আছে। ক্রেতারা মোবাইল কিনতে বা বিক্রি করতে পারছেন না। ফলে হাজারো ব্যবসায়ী চরম ক্ষতির মুখে পড়েছেন।’

মানববন্ধন থেকে বক্তারা সকল মোবাইল ব্যবসায়ীর পক্ষ থেকে এনইআইআর সিস্টেম বাতিলের জোর দাবি জানান এবং অবিলম্বে এ বিষয়ে বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানান।