মিথুনের গানে সুর দিলেন ফোয়াদ নাসের বাবু, গাইলেন রাশেদ

বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু নতুন একটি গানে সুরারোপ করেছেন। ‘দিগন্ত ছুঁয়ে যাওয়া আকাশ নীলে’ শিরোনামের এ গানটি লিখেছেন মিজানুর রহমান মিথুন। গানটি গেয়েছেন ক্লোজআপ তারকা রাশেদ। তিনি জানান, এরই মধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বেতারের টান্সক্রিপশন সার্ভিসের জন্য এটি রেকর্ড করা হয়েছে। 

গানটিতে সুরারোপের পাশাপাশি এর সংগীত পরিচালনাও করেছেন ফোয়াদ নাসের বাবু। গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু বলেন, ‘মিথুনের লেখা গানটির কথা আমার পছন্দ হয়েছে। দারুণ লিখেছেন তিনি। রাশেদও সুন্দর গেয়েছেন। আশা করছি, শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’ 

এ ব্যাপারে গীতিকার-সাংবাদিক মিজানুর রহমান মিথুন বলেন, ‘বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু আমার লেখা গানে সুর করেছেন—এটা আমার জন্য পরম প্রাপ্তি। অসাধারণ সুরের এ গানটি শিল্পী রাশেদ তার কণ্ঠে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। গানটি রেকর্ডিংয়ের নেপথ্যে বেতারের কর্মকর্তা ইয়াসমিন আক্তার আপার অবদানও অনেক। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের সবার প্রচেষ্টা সার্থক হবে।’ 

প্রসঙ্গত, মিজানুর রহমান মিথুন ১৯৯৮ সালে বাংলাদেশ বেতারের জাতীয় কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর থেকেই মূলত লেখালেখির শুরু। ২০২৩ সালে তিনি বাংলা একাডেমির জীবনসদস্য মনোনীত হন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। এছাড়া তিনি বেশ কিছু বই লিখেছেন। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি ‘আন্তজনপদ গুণীজন স্বীকৃতি ও সংবর্ধনা’সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।