মার্কা ও প্রার্থীর ভারসাম্য

গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি হলো নির্বাচন। সেই নির্বাচনে একজন নাগরিকের ভোটই নির্ধারণ করে, রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা। বাংলাদেশের মতো বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতিতে, ভোট দেওয়ার সময় একজন সচেতন নাগরিকের মনে বারবার একটি প্রশ্ন আসে আমি কি প্রার্থী দেখে ভোট দেব, নাকি রাজনৈতিক দলের মার্কা দেখে? এ প্রশ্নটি কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটি আমাদের দেশের গণতন্ত্রের আদর্শিক ভিত্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে উভয় পদ্ধতির যৌক্তিকতা এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করা প্রয়োজন যাতে নাগরিকরা একটি যৌক্তিক এবং ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক দলের মার্কা দেখে ভোট দেওয়ার একটি শক্তিশালী যৌক্তিক ভিত্তি রয়েছে। আধুনিক গণতন্ত্রে, বিশেষ করে সংসদীয় পদ্ধতিতে, সরকার গঠিত হয় সংখ্যাগরিষ্ঠ দলের মাধ্যমে। দলীয় রাজনীতি একটি সুসংগঠিত আদর্শিক কাঠামো এবং সুনির্দিষ্ট কর্মসূচি বহন করে। একটি দলের নির্বাচনী ইশতেহার, তার অর্থনৈতিক নীতি, পররাষ্ট্রনীতি এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার এসব কিছুই মূলত দলের ‘মার্কা’ দ্বারা প্রতীকায়িত হয়।

 যখন কোনো ভোটার মার্কা দেখে ভোট দেন, তখন তিনি আসলে সেই দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বৃহত্তর জাতীয় আদর্শের প্রতি সমর্থন জানান। এই প্রক্রিয়ায়, ভোটার তার নির্বাচিত সংসদ সদস্যকে শুধু ব্যক্তি হিসেবে দেখেন না, বরং তাকে সেই জাতীয় এজেন্ডা বাস্তবায়নের প্রতিনিধি হিসেবে বিবেচনা করেন। ফলে নির্বাচিত হওয়ার পর সদস্যটি ব্যক্তি হিসেবে দুর্বল হলেও, দলীয় শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তাকে জনগণের প্রতি তার অঙ্গীকার পূরণে বাধ্য করে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও মার্কা দেখে ভোট দেওয়া জরুরি, কারণ এটি একটি নির্দিষ্ট দলকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সহায়তা করে, যা একটি স্থিতিশীল ও শক্তিশালী সরকার গঠনে অপরিহার্য। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অধীনে জোটবদ্ধ নির্বাচন হলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান নিয়ে নির্বাচন কমিশনকে বিভিন্ন সময় আপত্তির সম্মুখীন হতে হয়েছে, যা প্রমাণ করে প্রতীকী আদর্শের গুরুত্ব কতখানি। তবে মার্কা দেখে ভোট দেওয়ার এই যৌক্তিকতা বাংলাদেশে প্রায়ই ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য এবং গোষ্ঠীগত সুবিধার কাছে প্রশ্নবিদ্ধ হয়। দলের আদর্শ যতই মহৎ হোক না কেন, যদি সেই আদর্শ বাস্তবায়নকারী প্রার্থী অযোগ্য, দুর্নীতিপরায়ণ বা অজনপ্রিয় হন, তবে সেই প্রার্থীর বিজয় স্থানীয় উন্নয়নে বাধা সৃষ্টি করে এবং জনগণের দুর্ভোগ বাড়ায়। এখানেই প্রার্থী দেখে ভোট দেওয়ার যৌক্তিকতা আসে। একজন ভোটার যখন প্রার্থী দেখে ভোট দেন, তখন তিনি তার স্থানীয় নির্বাচনী এলাকার জন্য সবচেয়ে উপযোগী, সৎ এবং কার্যকর ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করেন। স্থানীয় পর্যায়ে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি, সামাজিক দায়বদ্ধতা, সততার রেকর্ড, জনসম্পৃক্ততা এবং শিক্ষাগত যোগ্যতা এগুলো প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিক হলো প্রার্থীর আর্থিক ও পেশাগত পটভূমি। প্রার্থীকে নির্বাচন কমিশনে সম্পদ ও দায় এবং বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণী হলফনামার মাধ্যমে জমা দিতে হয়, যা প্রার্থীর স্বচ্ছতা যাচাই করার সুযোগ দেয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণায় দেখা গেছে, নবম সংসদ (২০০৮) থেকে দ্বাদশ সংসদ (২০২৪) পর্যন্ত প্রতি বছরই নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা ক্রমে বেড়েছে। এই প্রার্থীরা প্রায়ই বিপুল পরিমাণ সম্পদ নিয়ে নির্বাচনে আসেন, যা দলীয় আদর্শের চেয়েও তাদের ব্যক্তিগত আর্থিক ক্ষমতা বা পেশাগত স্বার্থ দ্বারা চালিত হওয়ার ঝুঁকি বাড়ায়।

একজন সাধারণ ভোটার যখন দেখেন, তার এলাকায় দলীয় মার্কার প্রার্থীটি একজন বিত্তশালী ব্যবসায়ী এবং স্বতন্ত্র প্রার্থীটি একজন পরিচিত সমাজকর্মী বা শিক্ষাবিদ, তখন তিনি ব্যক্তিগত চরিত্র ও জনসেবার মানসিকতাকেই দলের প্রতীকী আদর্শের চেয়ে বেশি মূল্য দেন। কারণ ভোটাররা বিশ্বাস করেন, একজন সমাজকর্মী বা শিক্ষাবিদ স্থানীয় জনগণের জন্য বেশি সময় দেবেন, যা স্থানীয় সুশাসনের জন্য অপরিহার্য। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অর্থ ও পেশিশক্তির নিয়ন্ত্রণ সবসময়ই নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রার্থীকে তার প্রতীকী পরিচয় ছাপিয়ে ব্যক্তিগত ক্ষমতা দ্বারা চালিত হওয়ার ঝুঁকি বাড়ায়। দলীয় প্রতীক বা মার্কা দেখে ভোট দেওয়ার একটি বড় আদর্শিক ঝুঁকি হলো, দলীয় আনুগত্যের সংস্কৃতিতে গণতন্ত্রের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়া। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভোটার যখন চোখ বন্ধ করে কেবল প্রতীককে অনুসরণ করেন, তখন নির্বাচিত সদস্যের ওপর জনগণের জবাবদিহিতা দাবি করার ক্ষমতা হ্রাস পায়। কারণ নির্বাচিত প্রতিনিধি তখন জনগণের কাছে নয়, বরং দলীয় হাইকমান্ডের কাছে দায়বদ্ধ থাকতে পছন্দ করেন। এর ফলে স্থানীয় উন্নয়নের চাহিদাগুলো প্রায়ই জাতীয় বা দলীয় স্বার্থের কাছে চাপা পড়ে। উদাহরণস্বরূপ, যদি কোনো সংসদ সদস্য তার এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ না করেন, কিন্তু কেন্দ্রে তার দলের প্রভাব থাকে, তবে ভোটাররা সহজে তাকে চ্যালেঞ্জ করতে সাহস পান না, এই ভয়ে যে তাদের এলাকার সরকারি সুবিধা বা বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে। এই নীরবতা সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি প্রতিনিধিত্বশীলতা ও জনগণের সার্বভৌমত্বকে দুর্বল করে দেয়। পাশাপাশি, মার্কা দেখে ভোট দেওয়ার কারণে নির্বাচনের সময় অর্থের প্রভাব এবং কালো টাকার ব্যবহার বেড়ে যায়। যখন প্রার্থী জানে, মার্কা দেখেই অধিকাংশ ভোট চলে আসবে, তখন দুর্বল প্রার্থীরাও জনগণের কাছে আদর্শিক বা যোগ্যতার ভিত্তিতে না গিয়ে, কেবল অর্থের জোরে নির্বাচনী প্রচারণা চালাতে উৎসাহী হন। নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে, নির্বাচনকালীন প্রার্থীদের ব্যয় এবং প্রচারণার ধরনে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়, যা বৈধ নির্বাচনী ব্যয়ের সীমা বহুলাংশে অতিক্রম করে। এই আর্থিক প্রভাবের কারণে রাজনৈতিক প্রক্রিয়ায় যোগ্য ও আদর্শবাদী কিন্তু আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের অংশগ্রহণ কঠিন হয়ে পড়ে। ফলে গণতন্ত্রের আদর্শিক কাঠামো, যেখানে মেধা ও আদর্শের জয় হওয়ার কথা, তা অর্থের কাছে পরাজিত হয়। এর ফলে শেষ পর্যন্ত সংসদে ব্যবসায়ী বা বিত্তশালীদের সংখ্যা বৃদ্ধি পায় এবং সাধারণ জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব কমে। তবে শুধু প্রার্থী দেখে ভোট দেওয়ার ক্ষেত্রেও কিছু সাংগঠনিক দুর্বলতা থেকে যায়।

স্থানীয় রাজনীতিতে জনপ্রিয় একজন সৎ ও যোগ্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলেও, সংসদীয় গণতন্ত্রে তার ভূমিকা প্রায়ই সীমিত হয়ে পড়ে। সংসদীয় কাঠামোতে, সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন আবশ্যক। একজন স্বতন্ত্র সংসদ সদস্য সংসদে তার এলাকার সমস্যা তুলে ধরতে পারলেও আইন প্রণয়ন, বাজেট বরাদ্দ বা নীতিনির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার প্রভাব প্রায় শূন্য। বিশেষত, কোনো বড় ধরনের জাতীয় নীতি বা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময়, স্বতন্ত্র সদস্যের কণ্ঠস্বর প্রায়ই দলীয় সিদ্ধান্তের কাছে চাপা পড়ে যায়। তাই, ভোটার যখন কেবল প্রার্থীর যোগ্যতা দেখে একটি বড় দলকে দুর্বল করেন, তখন তারা স্থানীয় উন্নয়ন নিশ্চিত করলেও, জাতীয় পর্যায়ে একটি দুর্বল বা অস্থিতিশীল সরকার গঠনের ঝুঁকি বাড়িয়ে তোলে। এই কারণেই, গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য ভোটারকে মার্কা ও প্রার্থীর যোগ্যতার মধ্যে একটি কৌশলগত এবং সতর্ক ভারসাম্য বজায় রাখতে হয়। গণতান্ত্রিক সংস্কৃতিতে প্রার্থীর ‘ট্র্যাক রেকর্ড’ বা পূর্বের কাজের ইতিহাস পর্যালোচনা করা একান্ত জরুরি। ভোটার যখন প্রতীকী আনুগত্য থেকে বেরিয়ে এসে প্রার্থীর ব্যক্তিগত অতীত কর্মজীবনের মূল্যায়ন করেন, তখন সেই ভোট সচেতন নাগরিকের ভোট হিসেবে গণ্য হয়। প্রার্থীর অতীত ইতিহাস বিশ্লেষণ করতে ব্যর্থ হলে, একজন ভোটার কেবল একটি উজ্জ্বল প্রতীক বা মুখের কথায় প্রভাবিত হন, যা দীর্ঘমেয়াদে অযোগ্য নেতৃত্ব তৈরি করে। এই তথ্যভিত্তিক মূল্যায়নই আধুনিক গণতন্ত্রের একটি আদর্শিক চাহিদা। মার্কা দেখে ভোট দেওয়ার প্রবণতা বিশেষত গ্রামীণ ও অশিক্ষিত ভোটারদের মধ্যে বেশি দেখা যায়, যেখানে প্রার্থীর ব্যক্তিগত তথ্য যাচাই করার সুযোগ সীমিত। এই ভোটাররা প্রায়ই প্রতীকের পরিচিতি এবং দলীয় নেতৃত্বের প্রতি আবেগ দ্বারা প্রভাবিত হন। অন্যদিকে শিক্ষিত ও শহুরে ভোটারদের মধ্যে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা, দলীয় আদর্শের সঙ্গে তার নিজের জীবনযাত্রার সংগতি এবং নির্বাচনী ইশতেহারের যৌক্তিকতা বিশ্লেষণের প্রবণতা বেশি। তাই বাংলাদেশের গণতন্ত্রকে আরও পরিপক্ব করতে হলে, নির্বাচন কমিশন এবং নাগরিক সমাজ সংগঠনগুলোর উচিত গ্রামীণ এবং প্রান্তিক ভোটারদের মধ্যে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, হলফনামা এবং অপরাধের রেকর্ড সহজলভ্য করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া।

গণতন্ত্রকে আরও অর্থবহ করতে হলে,  প্রার্থী ও মার্কা উভয়ের মধ্যে একটি আদর্শিক ভারসাম্য আনা জরুরি। ভোটারকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে, যা একই সঙ্গে জাতীয় নীতির স্থিতিশীলতা এবং স্থানীয় নেতৃত্বের সক্ষমতা নিশ্চিত করে। কৌশলগতভাবে ভোটদানের ক্ষেত্রে, একজন সচেতন ভোটারকে মার্কা ও প্রার্থীর যৌক্তিকতা মিলিয়ে দেখতে হবে। যদি কোনো নির্দিষ্ট এলাকার যোগ্যতম ব্যক্তিটি একটি আদর্শগতভাবে শক্তিশালী দলের টিকিট পান, তবে সেটিই সবচেয়ে আদর্শ পরিস্থিতি। কিন্তু যদি দলের প্রতীকী আদর্শের সঙ্গে প্রার্থীর সততা বা যোগ্যতার কোনো বড় রকমের দ্বন্দ্ব দেখা যায়, তখন ভোটারকে তার জাতীয় স্থিতিশীলতা বনাম স্থানীয় জবাবদিহি এবং দীর্ঘমেয়াদি আদর্শ বনাম স্বল্পমেয়াদি সুবিধা এই দুটি মূল্যায়নের মুখোমুখি হতে হয়। প্রার্থী ও মার্কা দেখে ভোট দেওয়ার যৌক্তিকতা নির্ভর করে একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিপক্বতা, দলীয় কাঠামোর আদর্শিক দৃঢ়তা এবং নাগরিকের সচেতনতার ওপর। বাংলাদেশে, যেখানে দলীয় শৃঙ্খলা অত্যন্ত কঠোর, সেখানে মার্কা দেখে ভোট দেওয়া জাতীয় স্থিতিশীলতার জন্য জরুরি হতে পারে। বিশেষত, ১৯৮৬ বা ১৯৯৬ সালের মতো নির্বাচনগুলোতে দলীয় প্রতীকের ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে, যেখানে জাতীয় পরিচিতি প্রায়ই স্থানীয় পরিচিতিকে ছাপিয়ে যায়। জবাবদিহি নিশ্চিত করার জন্য প্রার্থীর ব্যক্তিগত সততা, যোগ্যতা ও জনসম্পৃক্ততা পর্যবেক্ষণ করা বেশি যৌক্তিক ও ফলপ্রসূ। একটি পরিপক্ব গণতন্ত্রে উভয় দিকের মূল্য আছে। কিন্তু জনগণের স্বার্থে, যোগ্য ব্যক্তির কাছেই দলের প্রতীকী শক্তিকে দ্বিতীয় স্থানে রাখা উচিত। ভোটারদের পছন্দ অনুযায়ী, প্রার্থীকে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করা একটি সুষ্ঠু নির্বাচনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। 

লেখক: সিইও, ইটিসি ইভেন্টস লিমিটেড 

antmail00111@gmail.com