পবিপ্রবির অভ্যন্তরীণ সড়কে স্পিড ব্রেকার না থাকায় বাড়ছে দুর্ঘটনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অভ্যন্তরীণ সড়কে স্পিড ব্রেকার না থাকায় ও বহিরাগত যানবাহনের বেপরোয়া চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। সাম্প্রতিক সময় অন্তত ২/৩টা ছোট বড় দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

ক্যাম্পাস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক সংস্কার কাজ সম্পন্ন হলেও মুক্তবাংলা চত্ত্বর (চারটি রাস্তার সংযোগ) এলাকায় সড়ক গুলোতে দেয়া হয়নি কোন স্পীড ব্রেকার। ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।

গত ৫ জানুয়ারি বিকেলে ক্যাম্পাসের ভেতরে দ্রুতগতির একটি বহিরাগত অটোরিকশার ধাক্কায় চার শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। শিক্ষার্থীদের অভিযোগ, অনুমতি ছাড়াই প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশা নিয়মিত ক্যাম্পাসের সড়ক ব্যবহার করায় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবুল বাশার খান জানান, নির্মাণকাজ সম্পন্ন হলেই দ্রুত স্পিড ব্রেকার স্থাপন ও প্রয়োজনীয় সড়ক মার্কিং করা হবে।

এদিকে শিক্ষার্থীরা দ্রুত স্পিড ব্রেকার স্থাপন, বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।