আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা: কোথায় ঘাঁটি গড়বে স্কালোনির দল?

আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল তাদের লজিস্টিক পরিকল্পনা চূড়ান্ত করার কাজ শুরু করেছে। কোন শহরে তারা অবস্থান করবে এবং বিশ্বকাপের মাঠে নামার আগে ফিফা সূচিতে কোন কোন দলের সঙ্গে প্রীতি ম্যাচ হবে, তা নিয়েও আলোচনা চলছে।

গত পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রয়ের পর জানা গেছে, আর্জেন্টিনা গ্রুপ ‘জে’- তে থাকছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, লিওনেল স্কালোনির দল কানসাস সিটিকে তাদের মূল ঘাঁটি হিসেবে বেছে নিতে পারে। এই শহরেই আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ। এছাড়া সেখান থেকে মাত্র ২ ঘণ্টার দূরত্বের ডালাস শহরে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো।

টিওআইসি স্পোর্টস জানিয়েছে, টুর্নামেন্টে আর্জেন্টিনা যতদিন টিকে থাকবে, ততদিন মিসৌরি অঙ্গরাজ্যেই দল অবস্থান করবে। গ্রুপে প্রথম হলে কোয়ার্টার ফাইনালেও আবার কানসাস সিটিতে ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। প্রথম বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে ‘স্পোর্টিং কানসাস সিটি’র অনুশীলন কেন্দ্র, যা মেজর লিগ সকারের একটি ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় বিকল্প হিসেবে রয়েছে ‘কানসাস সিটি কারেন্ট’-এর মাঠ। এই ক্লাবটি যুক্তরাষ্ট্রের শীর্ষ নারী ফুটবল লিগে খেলে।

ডালাসের তুলনায় কানসাস সিটিকে এগিয়ে রাখার কারণ হলো—শহরটি তুলনামূলক কম জনবহুল, যানজট কম এবং আবহাওয়া অপেক্ষাকৃত কম গরম। গ্রীষ্মকালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী, পহেলা জুন থেকেই কানসাস সিটিতে অবস্থান নেবে স্কালোনির দল। বর্তমানে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ নিয়ে আলোচনা চলছে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে পারে লাস ভেগাস ও মায়ামিতে।