'শেষের শহর' সিডনিতে ইংলিশ ক্রিকেটের শেষের গল্প

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

সিডনি ক্রিকেট ইতিহাসে এক অদ্ভুত শহর। নতুন বছরের আতশবাজি যেখানে নতুন শুরুর প্রতীক, ঠিক সেখানেই ক্রিকেটে বারবার শেষের গল্প লেখা হয়। সিডনি ক্রিকেট গ্রাউন্ড সেই মঞ্চ, যেখানে অস্ট্রেলিয়ার বহু কিংবদন্তি শেষবারের মতো বিদায় জানিয়েছেন। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাথ, জাস্টিন ল্যাঙ্গার, মাইক হাসি, ডেভিড ওয়ার্নার—এই তালিকা দীর্ঘ। সামনের দিনগুলোতে সেই তালিকায় যুক্ত হতে চলেছেন উসমান খাজা।

এই মাঠে ইংল্যান্ডের গল্পও শেষের গল্পে ভরা। চলতি শতকে ১৩জন ইংলিশ ক্রিকেটার এই মাঠেই শেষ টেস্ট খেলেছেন, অনেকেই তা জানতেন না। কেভিন পিটারসেন, জস বাটলার, অ্যান্ডি ক্যাডিকের মতো নামও রয়েছে সেখানে। এই অ্যাশেজ সিরিজ এখনো আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি, কিন্তু পঞ্চম টেস্টের তৃতীয় দিন যেন স্পষ্ট করে দিয়েছে—কিছু একটা শেষের পথে।

ইংল্যান্ডের জন্য এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে হতাশাজনক অস্ট্রেলিয়া সফর। একটি জয় সিরিজ ব্যবধান কমিয়ে মর্যাদা বাঁচাতে পারত। কিন্তু ৪-১ ব্যবধানই এই সফরের প্রকৃত চিত্র তুলে ধরে। অস্ট্রেলিয়া তাদের রিজার্ভ বোলিং আক্রমণ নিয়েই ইংল্যান্ডকে পুরোপুরি চাপে ফেলেছে। চোট, ব্যাটিং ধস আর বিভ্রান্ত দল নির্বাচন এই সফরের পরিচিত ছবি।

গতি দিয়ে অস্ট্রেলিয়াকে ঘায়েল করার পরিকল্পনা ছিল ইংলিশদের, অথচ খণ্ডকালীন অফ স্পিনার উইল জ্যাকসকে নিয়মিত পেসারদের সমান টেস্ট খেলানো হচ্ছে। ম্যাথু পটস ছিলেন অষ্টম পছন্দের পেসার, কিন্তু শেষ পর্যন্ত তিনিই নতুন বলে বোলিং শুরু করেন। না ছিল বিকল্প ওপেনার, না ছিল বিকল্প উইকেটরক্ষক।

তৃতীয় দিনের শুরুতে স্টিভ স্মিথ নিজের চিরচেনা ছন্দে সেঞ্চুরি হাঁকান। ডন ব্র্যাডম্যানের পর তিনিই যেন ইংল্যান্ডের স্বপ্নভঙ্গের সবচেয়ে বড় প্রতীক। এটা ঠিক, প্রতিটি অ্যাশেজ ব্যর্থতার পর দলের পুরো কাঠামো ভেঙে ফেলা সঠিক সিদ্ধান্ত নয়। ইংল্যান্ড এখানে খুব কমই জেতে। কিন্তু বর্তমান ব্যবস্থার শিথিলতা ও খুঁটিনাটির অভাবও আর উপেক্ষা করা যায় না।

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের যেন কোনো জবাবদিহি নেই। এক বছরে তিনজন বোলিং কোচ বদলেছে। ফিল্ডিং অনুশীলনও এখন সীমাবদ্ধ। উইকেটরক্ষকের প্রস্তুতিও প্রশ্নের মুখে। ব্রেন্ডন ম্যাককালামের শক্তি হলো, ড্রেসিংরুমে সংস্কৃতি গড়ে তোলা। তিনি একটি ভেঙে পড়া দলকে জাগাতে জানেন। হয়তো গত অ্যাশেজের পরেই তার দায়িত্ব ছাড়ার সেরা সময় ছিল। এখন প্রশ্ন একটাই- অ্যাশেজ শেষে কী হতে যাচ্ছে?

-বিবিসি স্পোর্টস অবলম্বনে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত