নতুন বছরের প্রথম শুটিং বুবলীর

চলতি বছরের প্রথম সপ্তাহেই নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে নারীকেন্দ্রিক গল্পের ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজে নামলেন তিনি। সিনেমাটির পরিচালক রায়হান রাফী। 

এই সিনেমার মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রাফীর পরিচালনায় কাজ করছেন বুবলী। নায়িকা বলেন, ‘গল্পটা আমার কাছে দারুণ লেগেছে।চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।’ 

এর আগে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। গুঞ্জন রয়েছে, পুরোপুরি নারীকেন্দ্রিক গল্প হলেও ছবিতে একটি শক্তিশালী পুরুষ চরিত্র থাকছে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে বলে শোনা গেলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা টিম। 

বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরো অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনজন নারী চরিত্রের আলাদা আলাদা জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির মূল নাটকীয়তা। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।