সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিজিবির সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়া বিওপি এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত রনি মিয়া হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানায়, নিয়মিত সীমান্ত টহলের সময় হঠাৎ গুলির শব্দ শুনে টহলদল সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় যায়। সেখানে কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যায় এবং এক গুলিবিদ্ধ যুবককে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। পরে বিজিবি সদস্যরা আহত রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এর আগেও গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসএফের ছররা গুলিতে আহত হন রনি মিয়া। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে প্রথমে তার উপস্থিতি অস্বীকার করা হয়। বিজিবির দাবি, আহত রনি মিয়া ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।