মুন্সীগঞ্জ সদরে মোটর বাইক শোভাযাত্রা, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাঁজিয়ে ও ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক শিক্ষককে রাজসিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামের জয়কালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল্লাহকে এ বিদায় সংবর্ধনা প্রদান করে।
দুপুর ১২ টার দিকে দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবন শেষে ওই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের ব্যানারে এ সংবর্ধনার আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা পর্বে শিক্ষক-শিক্ষার্থীরা আবেগঘন বক্তৃতা করেন। বক্তারা বলেন, ১৯৮৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ৩৮ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মো. আব্দুল্লাহ অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষক আব্দুল্লাহর হাতে সম্মাননা ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। পরে মোটর বাইক শোডাউন ও বাদ্যযন্ত্রের তালে তালে ঘোড়ার গাড়ীতে চড়িয়ে ওই শিক্ষককে বিদায় জানানো হয়।