ব্রাজিলিয়ান তারকা নেইমার ২০২৬ সালের শেষ পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসে থাকার চুক্তি নবায়ন করেছেন। মঙ্গলবার ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই ঘোষণা দেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
ঘোষণায় নেইমার বলেন, “২০২৫ সালটা আমার জন্য বিশেষ ও চ্যালেঞ্জিং ছিল—আনন্দেরও ছিল, আবার নানা বাধা পেরোনোর বছরও। আপনাদের ভালোবাসা না থাকলে এসব সামলানো সম্ভব হতো না। ২০২৬ এসেছে, আর নিয়তি ভিন্ন কিছু হতে পারে না। সান্তোসই আমার জায়গা। এখানেই আমি ঘরের মানুষ, নিরাপদ ও সুখী। আপনাদের সঙ্গেই বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।”
গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। ব্রাজিলের সেরি আ-তে পুরো মৌসুমজুড়ে ইনজুরি ভোগালেও শেষ দিকে গুরুত্বপূর্ণ অবদান রেখে দলকে অবনমন থেকে বাঁচাতে সহায়তা করেন তিনি। ক্লাব সূত্রে জানা গেছে, হাঁটুর সমস্যায় ভোগা নেইমার ২২ ডিসেম্বর বাম হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার করান, যা সফল হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে এসিএল চোটে পড়ার পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর খেলেননি নেইমার। তবে চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় বিশ্বকাপকে লক্ষ্য করে জাতীয় দলে ফেরার আশাও ছাড়েননি তিনি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, পুরোপুরি ফিট থাকলে নেইমারকে দলে বিবেচনায় রাখা হবে।
২০২৫ মৌসুমে সান্তোসের হয়ে ৩৪ ম্যাচে ১১ গোল করেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। মৌসুমের শেষভাগে দলের টিকে থাকার লড়াইয়েও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকার একজন।
আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে সান্তোসের নতুন মৌসুম শুরু হবে। ব্রাজিলিয়ান সেরি আ-তে তাদের লিগ অভিযান শুরু ২৮ জানুয়ারি, প্রতিপক্ষ চাপেকোয়েন্সে।