ক্রিকেটার ও সংশ্লিষ্টদের নিরাপত্তার বিনিময়ের, দেশের মর্যাদার বিনিময়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ- এমন কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, ‘আমরা কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা বিশ্বকাপে খেলতে চাই। কিন্তু আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরপত্তার বিনিময়ে, তাদের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না’
নিরাপত্তা ইস্যু নিয়ে আইসিসিকে ভেন্যু বদলের আবেদন জানিয়ে চিঠি দিয়েছিল আইসিসি। তার জবাব দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। সেখানে আইসিসি জানিয়েছে, ভারতে খেলতে যাওয়া নিয়ে বাংলাদেশ যে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছে, সে রকম কোনো শঙ্কার কারণ নেই। ভারতে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে।
তবে ক্রিকেট, সাংবাদিক, সাধারণ দর্শকের নিরাপত্তার বিষয়টি ভালো করে আইসিসি বুঝতে পারেনি বলে মন্তব্য করেন আসিফ নজরুল। বলেন, 'আমরা কেনো অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দিবে।'
সবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলে সিদ্ধান্তে বদল আসার কথা জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবল ‘আপনারা জানেন যে, যেকোনো বিদেশ সফরের আগে আমাদের সরকারের অনুমতি লাগে। সে ব্যাপারেই আমরা জানতে এখানে এসেছিলাম। যদি খেলোয়াড় ও সবার নিরাপত্তা নিশ্চিত না করে তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা ফাইট করে যাব।'নিরাপত্তা ইস্যুতে আগে বলা হয়নি, কিন্তু এবার বলার কারণ হিসেবে আমিনুল বলেছেন, ‘আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। এতগুলো বিশ্বকাপে খেলেছি কোনো দিন তো কিছু বলিনি। এবার নিরাপত্তা নিয়ে সমস্যা মনে হয়েছে তাই আমরা আমাদের কথা তুলেছি। আমরা আইসিসিকে বোঝাব। আমাদের উপদেষ্টা মহাদয় যেভাবে বললেন সেভাবে বোঝাব।'
