শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ষষ্ঠ স্কাউট সমাবেশ।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন।
এবারের স্কাউট সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এতে ১৫টি স্কাউট দলের মাধ্যমে মোট ১২০ জন শিক্ষার্থী বিভিন্ন সেন্ট্রাল ইভেন্ট ও স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করছে। সমাবেশে অংশগ্রহণকারীরা নতুন নতুন বিষয় শিখবে এবং হাতে-কলমে তা প্রয়োগের সুযোগ পাবে।
মুরাদনগর উপজেলা স্কাউটসের কমিশনার মো. ময়নাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার আখতারুজ্জামান, উপজেলা স্কাউট সম্পাদক ও প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের সূচনা করেন লর্ড ব্যাডেন পাওয়েল। মানবতার সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করে স্কাউট আন্দোলন আজ সারা বিশ্বে বিস্তৃত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্কাউটরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, এই স্কাউট সমাবেশে অংশগ্রহণকারী স্কাউট দল, রোভার স্কাউট ও লিডাররা এখান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশ গড়ার কাজে কাজে লাগাবে।
এ সময় উপস্থিত ছিলেন কাজিয়াল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইম ভূঁইয়া, আন্দিকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূঁইয়া, বইড়াকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।