এনসিপি ও ইসলামী আন্দোলনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পদধারী এক নেতাও বিএনপিতে যোগ দেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটোরিয়ামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরীফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা, হাবিবসহ জাতীয় নাগরিক পার্টি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৫৫ জন নেতাকর্মী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজসহ আরও দুজন বিএনপিতে যোগ দেন।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরীফ আহম্মেদ সিদ্দিকী, শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদলের সভাপতি মামুন আকন এবং সদস্যসচিব আজিজুল হক রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।