'বিশ্বকাপ জয়ই চূড়ান্ত স্বপ্ন নয়', রোনালদোর উচ্চাকাঙ্ক্ষা ভিন্ন 

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো স্পষ্ট করেই জানিয়ে দিলেন, আগামী বিশ্বকাপ জেতা তার সবচেয়ে বড় স্বপ্ন নয়। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার কয়েক মাস আগে তিনি বলেছেন, তার লক্ষ্য এখন এমন কিছু, যা কোনো একক টুর্নামেন্টের সাফল্যের চেয়েও বড় এবং দীর্ঘস্থায়ী।

অনেকের চোখে বিশ্বকাপ জেতা হতে পারে একটি কিংবদন্তি ক্যারিয়ারের চূড়ান্ত অর্জন। কিন্তু রোনালদোর মতে, একটি টুর্নামেন্ট—যেখানে ছয় বা সাতটি ম্যাচ খেলা হয়—তা দিয়ে কোনো ফুটবলারের পুরো উত্তরাধিকার নির্ধারণ করা যায় না। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি বলেন, বিশ্বকাপ জিতলেও ফুটবল ইতিহাসে তার নামের অবস্থান বদলাবে না।

রোনালদোর ভাষায়, “আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন—বিশ্বকাপ জেতা কি আমার স্বপ্ন? না, তা নয়। ছয়-সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে কি একজন খেলোয়াড়ের লিগ্যাসি বিচার করা ঠিক? আমি তা মনে করি না।”

চল্লিশ ছুই ছুই বয়সেও অবসর ভাবনায় নেই রোনালদো। বরং তার সামনে রয়েছে আরও বড় এক ব্যক্তিগত চ্যালেঞ্জ—পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১,০০০ অফিসিয়াল গোলের মাইলফলক ছোঁয়া। বর্তমানে তিনি এই লক্ষ্যের থেকে মাত্র ৪২ গোল দূরে। সৌদি আরবের ফুটবলে যে গতিতে তিনি গোল করে চলেছেন, তাতে বড় কোনো চোট না এলে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যেই এই লক্ষ্য পূরণ সম্ভব বলে আশাবাদী বিশ্লেষকেরা। গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রোনালদো বলেন, “আমি সবসময় আরও শিরোপা জিততে চাই এবং আপনারা যে সংখ্যাটির কথা জানেন, সেখানে পৌঁছাতে চাই। চোট না থাকলে আমি নিশ্চিতভাবেই তা অর্জন করব।”

ফুটবল ইতিহাসের সেরা কে—এই বিতর্কেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রোনালদো। তার মতে, বিশ্বকাপ না জিতলেও তার ক্যারিয়ারের মূল্যায়ন কমে না। তিনি স্মরণ করিয়ে দেন, তার আগমনের আগে পর্তুগালের কোনো আন্তর্জাতিক শিরোপা ছিল না, অথচ তার নেতৃত্বে দেশটি তিনটি বড় শিরোপা জিতেছে। বিশ্বকাপ জিতলে তা অবশ্যই বড় চমক হবে, তবে সেটিই তার লিগ্যাসি নির্ধারণের একমাত্র মানদণ্ড নয়।

বর্তমানে রোনালদোর পূর্ণ মনোযোগ আল নাসরের দিকেই। সৌদি প্রো লিগে প্রথম লিগ শিরোপা জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে তার সামনে। ৩২ পয়েন্ট নিয়ে আল নাসর এখন তালিকার দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। মৌসুম এখনও দীর্ঘ, তবে রোনালদোকে ঘিরে আল নাসরের শিরোপা স্বপ্ন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, তা স্পষ্ট।