সাভারে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক 

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে এক’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বুধবার রাতে সাভারের আশুলিয়ার উত্তর গাজীরচট ও ইয়ারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সরলপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে রাসেল মিয়া (২৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ভাদুলিয়া গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে আলিম (৪৮) ও ফরিদপুর জেলার মধুখালি থানার চর বালিয়াডাঙ্গা গ্রামের ওদুদ মোল্লার ছেলে মো. মিন্টু মোল্লা (৩০)। 

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার উত্তর গাজীরচট মহল্লায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে আটক করা হয়েছে। পরে তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আলিম ও মিন্টু মোল্লাকে আটক করে তাদের কাছ থেকে লুকানো অবস্থায় আরো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে হয়। 

আটককৃত রাসেলের বিরুদ্ধে একটি মামলা ও আলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।