ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলা বিক্ষোভের ১১তম দিনে সরকারবিরোধী প্রতিবাদকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে বুধবার (৭ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দক্ষিণ-পশ্চিমের লর্ডেগান শহরে দুই পুলিশ নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনী গুলি ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে এবং প্রতিবাদকারীরা পাথর ছুঁড়ে প্রতিহত করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ এখন দেশের ৩১ প্রদেশের ১১১টি শহর ও অঞ্চলে ছড়িয়ে গেছে। কমপক্ষে ৩৪ প্রতিবাদকারী ও চার নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, এবং ২,২০০ এর বেশি প্রতিবাদকারী আটক হয়েছেন। বিবিসি পার্সিয়ান ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
২৮ ডিসেম্বর তেহরানের দোকানদাররা রিয়ালের তীব্র অবমূল্যায়নের প্রতিবাদে সড়কে নামলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উচ্চ মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক দুর্নীতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে জনরোষ আরও বেড়ে গেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। অনেক এলাকায় তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দেন।
