যুক্তরাষ্ট্রে গির্জার সামনে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্টলেক সিটিতে একটি গির্জার সামনে গোলাগুলির ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) সল্টলেক সিটির ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’-এ একটি স্মরণসভা চলাকালে গির্জার পার্কিং এলাকায় এই সহিংস ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পার্কিং লটে একটি তর্ক-বিতর্ক থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সল্টলেক সিটি পুলিশের মুখপাত্র গ্লেন মিলস জানান, গোলাগুলিতে অন্তত আটজন প্রাপ্তবয়স্ক গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যদের চিকিৎসা চলছে।

হঠাৎ এই হামলার ফলে গির্জা প্রাঙ্গণে উপস্থিত মানুষজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্মরণসভায় অংশ নেওয়া অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সন্দেহভাজনদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে গির্জায় উপস্থিত কয়েক ডজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হচ্ছে। তদন্তে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটি কোনো ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে মনে হচ্ছে না। বরং ব্যক্তিগত বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার নিন্দা জানিয়ে ‘চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উপাসনার জন্য নির্ধারিত স্থানে এ ধরনের সহিংসতা গভীরভাবে উদ্বেগজনক। নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য প্রার্থনার কথাও জানানো হয়েছে।

এদিকে সল্টলেক সিটির মেয়র ঘটনাটিকে শহরের জন্য একটি বেদনাদায়ক দিন হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার অঙ্গীকার করেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।