বিশ্বব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণা, সাড়া না দেওয়ার আহবান

বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের ঘটনা সম্প্রতি সামনে আসায় সাধারণ জনগণকে সতর্ক করেছে সংস্থাটি। ফি বা চার্জের বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারকচক্র অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্থাটি কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কখনোই ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহ করে না। তাই এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকেরা ফেসবুক পেজ, ভুয়া আইডি এবং মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিশ্বব্যাংকের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিশ্বব্যাংক জানিয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক প্রস্তাব পান, তাহলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে বিশ্বব্যাংকের নামে আসা যেকোনো আর্থিক প্রস্তাব যাচাই-বাছাই না করে গ্রহণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।