আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদা আক্তারকে।
দলের একমাত্র চমক উইকেট রক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের হয়ে সর্বশেষ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন জুয়াইরিয়া। সেখানে ৬ ম্যাচ খেলে ৭০ রান করেছেন তিনি। গত নভেম্বরে টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের হয়ে ৭ ইনিংসে ১৮৯ রান করেছিলেন জুয়াইরিয়া। তার স্ট্রাইক রেট ছিল ১৩১.২৫! টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে মোস্ট প্রমিজিং ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি। জয়িতা এর আগে জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স ও হকিতেও অংশ নিয়েছেন।
গত বছরের জানুয়ারির পর আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজের দলে থাকা অভিজ্ঞ লতা মন্ডল, তাজ নেহার, মুর্শিদা খাতুনরা নেই এবার বিশ্বকাপ বাছাই পর্বের দলে।
এছাড়া গত অক্টোবরে ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের দলে জান্নাতুল ফেরদৌস সুমনাকে বাদ দেওয়া নিয়ে হয়েছিল তুমুল আলোচনা। তার জায়গায় সুযোগ পেয়েছিলেন তরুণ স্পিনার নিশিতা আক্তার। কিন্তু এবার বাছাইয়ের দলে দুজনের কাউকেই রাখা হয়নি। মূল দলের বাইরে ৫ জন খেলোয়াড়কে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।
১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির এবং ২২ জানুয়ারি নামিবিয়ার খেলতে নামবে টাইগ্রেসরা। ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
১০ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।
বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই-শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।