মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরার চিহ্নিত সন্ত্রাসী মো. ইয়াসিন ওরফে শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাঘরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত ইয়াসিন উপজেলার পশ্চিম বাঘরা এলাকার মো. আনোয়ারের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর থানা পুলিশের টিম অভিযান চালায়। এ সময় শুটার ইয়াসিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এদিকে, ১৬ জুলাই বিকেলে বাঘরা বাজার সংলগ্ন নুর ইসলাম চেয়ারম্যানের বাড়ির সামনে শান্ত রাজবংশী নামে এক ব্যক্তিকে নিজের হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে শুটার ইয়াসিন। এতে গুরুতর আহত ওই ব্যক্তি পরদিন শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।