আতলেতিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল, সুপার কাপে এল ক্লাসিকোর অপেক্ষা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও দেখা যাবে এল ক্লাসিকো। ফেদেরিকো ভালভার্দের চোখধাঁধানো ফ্রি-কিক ও রদ্রিগোর গোলের সুবাদে আতলেতিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ পর্যন্ত জয়ী হয় লস ব্লাঙ্কোসরা।

ম্যাচ শুরুর মাত্র ৭৭ সেকেন্ডের মাথায় রিয়ালকে লিড এনে দেন দলপতি ভালভার্দে। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার ফ্রি-কিকটি আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের হাত ফসকে ওপরের কোণ দিয়ে জালে ঢুকে যায়। এই গোলেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে রিয়াল।

দ্বিতীয়ার্ধের ১০ম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ভালভার্দের পাস দুর্দান্তভাবে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ করে ডিফেন্ডার রবিন লে নরমাঁকে পেছনে ফেলে তিনি নিখুঁত ফিনিশে বল জালে পাঠান। এই গোলের প্রস্তুতিটাই ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ।

তবে আতলেতিকো সহজে হাল ছাড়েনি। ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে ব্যাক পোস্টে রাউল আসেনসিওকে টপকে হেডে গোল করে ব্যবধান কমান আলেকজান্ডার সোরলোথ। কিন্তু সেটিই ছিল তাদের একমাত্র সফল প্রচেষ্টা। পুরো ম্যাচে ২২টি শট নেওয়া সত্ত্বেও আর গোলের দেখা পায়নি তারা।

নরওয়ের এই স্ট্রাইকার প্রথমার্ধের শেষ দিকে কনর গ্যালাঘারের নিখুঁত ক্রস থেকে হেড করে অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে হুলিয়ান আলভারেসের শটও চলে যায় পোস্টের বাইরে। ফলে সমতায় ফেরার সব চেষ্টা ব্যর্থ হয়।

চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নামা জাবি আলোনসোর দলকে শেষ পর্যন্ত বেশ চাপেই থাকতে হয়। রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র—যিনি টানা ১৬ ম্যাচে গোলশূন্য—দুই অর্ধেই গোলের সুযোগ পেয়েছিলেন, তবে শেষদিকে রক্ষণেই বেশি মনোযোগ দিতে হয় রিয়ালকে।

এই জয়ের পুরস্কার হিসেবে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এটি হবে দুই দলের দ্বিতীয় এল ক্লাসিকো। এর আগে অক্টোবর মাসে বার্নাবেউতে বার্সেলোনাকে দুই–এক গোলে হারিয়েছিল রিয়াল।

অন্য সেমিফাইনালে বুধবার অ্যাথলেটিক ক্লাবকে ৫–০ গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করে হান্সি ফ্লিকের বার্সেলোনা। উল্লেখ্য, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও সৌদি আরবের মধ্যে চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত জেদ্দাতেই অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ।