অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজেভাবে অ্যাশেজ হেরে নিজেদের ভুল স্বীকার করলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তিনি স্বীকার করেছেন যে, বর্তমান ইংল্যান্ড দলটিকে অনুমান করা খুবই সহজ। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দলে বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি ব্যর্থ পারফরমারদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন যে, দল গোছাতে এবার হয়তো তিনি নিজের কঠিন রূপ দেখাবেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম টেস্টে ৫ উইকেটে হেরে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ খুঁইয়েছে ইংল্যান্ড। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে টানা হারের কারণে মাত্র ১১ দিনের মধ্যেই সিরিজ কার্যত হাতছাড়া হয়ে যায়। মেলবোর্নে দুই দিনের ম্যাচ জিতে সাময়িক সাফল্য এলেও পুরো সিরিজে ইংলিশদের ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট।
ম্যাচ শেষে স্টোকস বলেন, “এই মুহূর্তে আমরা দল হিসেবে এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি। অধিনায়ক হিসেবে প্রথম দুই–আড়াই বছরে যা অর্জন করেছিলাম, সেটা খুব ভালো ছিল। এরপর আমরা আরও এগোতে চেয়েছিলাম, আরও ধারাবাহিক হতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবে আমরা উল্টো পথে হেঁটেছি। আমরা বেশি ম্যাচ হারছি, বড় সিরিজ জিততে পারছি না। যখন কোনো নেতিবাচক ধারা নিয়মিতভাবে চলতে থাকে, তখন ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে নতুন করে ভাবতে হয়। কিছু পরিবর্তন আনতেই হয়।’
স্টোকসের অধিনায়কত্বের শুরুর সময় ‘বাজবল’ খ্যাত আক্রমণাত্মক ব্যাটিং দর্শনে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুলেছিল। তবে যে কৌশল একসময় প্রতিপক্ষকে চমকে দিয়েছিল, সেটিই এখন সহজে পড়ে ফেলছে অন্য দলগুলো। স্টোকস স্বীকার করেন, এই পদ্ধতির বিরুদ্ধে প্রতিপক্ষরা কার্যকর পরিকল্পনা তৈরি করে ফেলেছে, ‘প্রথম দিকে দলগুলো বুঝতেই পারত না, কীভাবে আমাদের মোকাবেলা করবে। এখন তারা স্পষ্ট জবাব নিয়েই মাঠে নামছে। কিছু মুহূর্তে আমরা ঝুঁকি নিয়ে লাভবান হয়েছি ঠিকই, কিন্তু অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদেরই ক্ষতি করেছি।’
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে না পারার কথা স্বীকার করেন ইংল্যান্ড অধিনায়ক। পাশাপাশি ছিল গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস। তাছাড়া অস্ট্রেলিয়া নিজেদের মাঠে কতটা ভয়ংকর, সেটাও মনে করিয়ে দেন, ‘অস্ট্রেলিয়ার কাছে তাদের কন্ডিশন হাতের তালুর মতোই পরিচিত। তার ওপর আমরা নিজেদের ভুলে বারবার ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দিয়েছি। ফলাফল হিসেবে ৪–১ ব্যবধানে সিরিজ হার অনিবার্য ছিল।”
আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে প্রায় পাঁচ মাস সময় আছে দল গোছানোর। এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন করে পরিকল্পনা সাজানোর কথা জানান স্টোকস। তিনি বলেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে দলের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করা হবে। স্টোকসের ভাষায়, ‘উন্নতি করতে হলে সৎ ও খোলামেলা আলোচনা দরকার। আমি নিজেও তরুণ বয়সে এমন কথা শুনেছি, যা ভালো লাগেনি। কিন্তু পরে বুঝেছি, সেগুলোই আমাকে সাহায্য করেছে। এখন আমাদের স্পষ্ট করে বলতে হবে—আমরা কী চাই। কেউ যদি সেই মানে পৌঁছাতে না চায় বা না পারে, তাহলে আমার নির্মম দিকটা সামনে আসবে।’
হালান্ডের ১৫০তম গোলের ম্যাচে শিরোপার দৌড়ে বড় হোঁচট ম্যান সিটির
ভেনেজুয়েলায় হামলার জেরে যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপে নিষিদ্ধ করা কি সম্ভব?