দেশের শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬০তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে তিনি আইডিএলসির অন্যতম নমিনেটেড ডিরেক্টর ছিলেন। ‘চেয়ারম্যান হিসেবে কাজী মাহমুদ সাত্তারকে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত’, বলেন আইডিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। আর্থিক খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ৪০ বছরেরও বেশি সময় ধরে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন কাজী মাহমুদ সাত্তার। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে তার কর্মজীবনের শুরু, পরে তিনি এই প্রতিষ্ঠানের হয়ে মুম্বাই ও মেলবোর্নেও দায়িত্ব পালন করেন।